চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য হিসেবে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সেখানে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনের অংশ হিসেবে বেলা ১১টার দিকে প্রধান ফটকের সামনে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং অধ্যাপক সায়েমকে পুনরায় স্বপদে বহালের দাবির প্রতি সংহতি প্রকাশ করে স্বাক্ষর করেন।
এর আগে মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি পালন শুরু করেন। এদিন বিকেলে তারা স্পষ্ট ঘোষণা দেন যে, তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চলমান শাটডাউন ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

















