রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে শিশু-কিশোরদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে আয়োজিত হয়েছে ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট ২০২৬’। বাংলাদেশ ইয়ং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটির (বাইসিস) উদ্যোগে এবং কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের সহযোগিতায় শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ম্যাথ জিনিয়াস অলিম্পিয়াডের (ইমগো) জাতীয় বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি এবং দেশে গণিত অলিম্পিয়াড আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুনির হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেকনোলজি মিডিয়া গিল্ডের বোর্ড সদস্য মোহাম্মদ কাউসার উদ্দিন। কিডজানার সিইও ও বাইসিসের সভাপতি মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের গাণিতিক দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত প্রতিযোগীদের নির্বাচিত করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় বাছাই পর্বে নির্বাচিত শিক্ষার্থীরা আগামী জানুয়ারি ২০২৭ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ইমগো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে তারা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
পুরস্কার বিতরণী পর্ব ছাড়াও উৎসবে শিক্ষার্থীদের জন্য গণিত অলিম্পিয়াড ও রোবোটিকস বিষয়ক বিশেষ সেশনের আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের বিজ্ঞান, প্রযুক্তি, গণিত ও উদ্ভাবনী কার্যক্রমের প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। কিডজানার সিইও মোসাদ্দেক হোসেন প্রতিষ্ঠানের লক্ষ্য তুলে ধরে বলেন, বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তিগত জ্ঞান ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে কিডজানা কাজ করছে। প্রতিটি শিশুর মধ্যেই ভবিষ্যৎ উদ্ভাবক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, যা বিকাশে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য যে, অনুষ্ঠানে কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের আফটার স্কুল প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের গ্রাজুয়েশন প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের এই অর্জনকে স্বাগত জানান।















