তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে শ্রমিক পক্ষ। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত বোর্ডের দ্বিতীয় সভায় এই দাবি তুলে ধরেন শ্রমিক প্রতিনিধিরা। যদিও সভায় মালিকপক্ষ কোনো নির্দিষ্ট প্রস্তাব জমা দেয়নি। শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের কারণে সব মালিকের সঙ্গে আলোচনা করা সম্ভব হয়নি জানিয়ে তারা এ বিষয়ে প্রস্তাব দিতে এক সপ্তাহ সময় চেয়েছেন।
মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সভায় মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে তাদের প্রস্তাব জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে মালিকপক্ষ প্রস্তাব দিতে ব্যর্থ হলে বোর্ড নিজ উদ্যোগেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।
এর আগে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানায় পাঁচটি শ্রমিক সংগঠনের জোট। তাদের প্রস্তাবনায় মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন, ৫০ শতাংশ বাড়িভাড়া এবং ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট রাখার আহ্বান জানানো হয়। ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের এই জোট মজুরি বোর্ডে স্মারকলিপি দিয়ে জানিয়েছে, জীবনযাত্রার ব্যয়, সরকারি বেতন কাঠামো এবং কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের মতো এশিয়ার দেশগুলোর পোশাকশ্রমিকদের মজুরি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন নির্ধারণ করা প্রয়োজন।
শ্রমিক প্রতিনিধিদের মতে, দেশের প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিকের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ২০০৬ সালের কাঠামোর আদলে মূল বেতন মোট মজুরির ৬০ শতাংশ হওয়া জরুরি। তারা যুক্তি দিয়েছেন, মূল বেতনের অনুপাত কম হলে ওভারটাইম এবং চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিট কমে যায়, যা দীর্ঘমেয়াদে শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করে। এদিকে, ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবিতে মজুরি বোর্ড কার্যালয়ের সামনে আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা।

















