যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর চলমান আগ্রাসী নীতি বন্ধ না হলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস রপ্তানি রুট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করে এই বার্তা দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানির সুবিধা হয় সবাই পাবে, না হয় কেউই পাবে না।
তেহরানের এমন কঠোর অবস্থানকে আঞ্চলিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক নিরাপত্তার জন্য একটি বড় ধরনের বার্তা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিবৃতিতে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজন হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগীদের স্বার্থসংশ্লিষ্ট জাহাজ চলাচলের পথ, তেল-গ্যাস পরিবহন নেটওয়ার্ক এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে কৌশলগত কারণে নির্দিষ্ট কোনো দেশ, স্থাপনা বা সমুদ্রপথের নাম উল্লেখ করেনি আইআরজিসি।
বিশ্লেষকদের মতে, ইরানের এই হুমকি যদি বাস্তবে রূপ নেয়, তবে পারস্য উপসাগর ও এর আশপাশের আন্তর্জাতিক নৌপথে তেল-গ্যাস পরিবহনে মারাত্মক ঝুঁকি তৈরি হবে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম এক লাফে আকাশচুম্বী হতে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। এদিকে, আইআরজিসির এই কড়া হুমকির বিপরীতে তাৎক্ষণিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের কোনো মিত্র দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

















