বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ৪২ মিনিটের দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ১৩৭ নম্বর কক্ষের জানালার কাচ ভেঙে চুরমার হয়ে ভেতরে থাকা বিছানায় ছড়িয়ে পড়ে। ঘটনার সময় ওই কক্ষে উপস্থিত না থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন মোহাম্মদ আদিলুল ইসলাম আকিব নামের এক শিক্ষার্থী।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ভুক্তভোগী শিক্ষার্থী জানান, ঘটনার সময় তিনি পাশের ১৩৪ নম্বর কক্ষে তার বন্ধু আদিবের সঙ্গে অবস্থান করছিলেন। তিনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে লেখেন, ‘সম্ভবত মৃত্যুর হাত থেকে বাঁচলাম। আমার জানালার পাশেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। একটু আগেও এই বেডে আমি বসে ছিলাম।’
আকিব আরও জানান, ঘটনার সময় তার কক্ষে অন্য দুই শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিকট শব্দ, আগুনের ফুলকি এবং জানালার কাচ ভাঙার শব্দে তারা আতঙ্কিত হয়ে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে আসেন। ওই শিক্ষার্থীর দাবি, হলে মোট তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গেছে।
এদিকে, ক্যাম্পাসের আবাসিক হলে এমন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে এই ঘটনার সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন। একইসঙ্গে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন শিক্ষার্থীরা।
















