যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন। এই অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের ড. খলিলুর রহমান। বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটের দিকে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বক্তব্য প্রদান করেন।
এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের গোপন ব্যালট ভোটের মাধ্যমে ড. খলিলুর রহমানকে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করা হয়। সেই নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। দীর্ঘ চার দশক পর কোনো বাংলাদেশি কূটনীতিক বিশ্বের বৃহত্তম এই বহুপাক্ষিক ফোরামের সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী ইউএনজিএর ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শপথ গ্রহণের পর ড. খলিলুর রহমান রাত ১টার দিকে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্ল্যানারি মিটিং পরিচালনা করেন। এছাড়া আগামী ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের ভাষণের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে।

















