রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে যারা অবৈধ দোকান বসাচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি জানিয়েছেন, এখন থেকে ফুটপাত দখল করলে সরাসরি মামলা দায়ের করা হবে এবং অবৈধ মালামাল জব্দ করা হবে। শনিবার (২৪ অক্টোবর) ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে আয়োজিত বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন, যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির প্রধান কারণ হলো অবৈধ হকার ও ভাসমান দোকান। নগরবাসীকে এসব ভোগান্তি থেকে মুক্তি দিতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা অপরিহার্য। মানবিকতার দোহাই দিয়ে সড়ক ও ফুটপাত দখলের কোনো সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে তিনি জানান, আগামী সপ্তাহেই সেখানে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং কোনো অবস্থাতেই সেখানে হকার বসতে দেওয়া হবে না।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষার বিষয়ে জোর দিয়ে আবদুস সালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকতে হবে। এ ছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক র্যালি ও প্রচারণা অব্যাহত থাকবে।
মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে থাকা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, জনস্বার্থে সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে এসটিএসটি স্থানান্তর করা হয়েছে এবং সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ওই এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন একটি এসটিএস নির্মাণের কাজ চলছে, যা চলতি মাসের মধ্যেই শেষ হবে। উল্লেখ্য, ‘ক্লিনিং ডে’ উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযানটি সিআইডি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, মশক নিধনকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র্যালিও আয়োজন করা হয়।

















