আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারি পক্ষপাতিত্ব করেছেন বলে অভিযোগ তুলেছে মিশর। ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মিশর দারুণভাবে ফিরে আসার গল্প লিখলেও, শেষ পর্যন্ত মাঠের লড়াই ছাপিয়ে বড় হয়ে দাঁড়িয়েছে রেফারিং নিয়ে বিতর্ক। মিশরের তারকা ফুটবলার মোস্তফা জিকো সরাসরি ফিফাকে অভিযুক্ত করেছেন, আর একই সুরে কথা বলেছেন দলের কোচ হোসাম হোসেন।
ম্যাচের ৫৮ মিনিটে মোস্তফা জিকো গোল করে মিশরকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু ভিএআর যাচাইয়ের পর সেই গোলটি বাতিল করা হয়। ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে মোস্তফা জিকো বলেন, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ন্যায্য বিচার করেননি। তিনি বলেন, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম অভিভাবক। তিনি পুরো একটি দেশের পরিশ্রম নষ্ট করে দিয়েছেন।’ মোস্তফা সরাসরি অভিযোগ করেন যে, এই বিশ্বকাপ আর্জেন্টিনার জন্যই নির্ধারিত বা সাজানো।
মিশরের প্রধান কোচ হোসাম হোসেনও রেফারিং নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘আমরা জয়ের যোগ্য ছিলাম। ম্যাচের আগে আর্জেন্টিনা রেফারির ওপর চাপ সৃষ্টি করেছিল, কারণ তিনি ফরাসি। ম্যাচের আগে একটি পরিবেশ তৈরি করা হয়েছিল এবং এর ফল আমাদের ভোগ করতে হয়েছে। ম্যাচের আগে ও ম্যাচ চলাকালীন দুই সময়েই ফলাফল প্রভাবিত হয়েছে।’
কোচ হোসাম হোসেনের দাবি, মিশর একটি স্পষ্ট পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে, যা ভিএআর-এও পর্যালোচনা করা হয়নি। এছাড়া দলের দ্বিতীয় গোলটিও অকারণে বাতিল করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘জীবন কখনো কখনো বড় নির্মম।’
সবশেষে রেফারিং নিয়ে সবচেয়ে গুরুতর অভিযোগ তুলে হোসাম হোসেন বলেন, ‘পরিণতি যাই হোক, আমি আমার মত বলব। এটি স্পষ্টভাবেই পাতানো ম্যাচ ছিল, সবাই তা দেখেছে।’ মিশরীয় কোচ এরপর প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘যদি আর্জেন্টিনাকেই জেতাতে চাওয়া হয়, তাহলে আমাদের এখানে খেলতে ডাকা হলো কেন?’

















