ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আবারও জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় হরমুজ প্রণালির কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপসহ বেশ কয়েকটি এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এসব বিস্ফোরণের সঙ্গে হরমুজ প্রণালিতে ইরানের চলমান সামরিক তৎপরতার কোনো যোগসূত্র থাকতে পারে। তবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে কোনো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে কি না, তা এখনো ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
অন্যদিকে, আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি একটি সূত্রের বরাতে জানিয়েছে, কেশম দ্বীপে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তার সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার কোনো সম্পর্ক নেই।
এর আগে রোববার ভোরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী (আইআরজিসি) দাবি করে যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। বাহিনীটির দাবি অনুযায়ী, জাহাজ দুটি অননুমোদিত পথে চলাচলের চেষ্টা করছিল। তবে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় শোনা বিস্ফোরণের সঙ্গে তেলবাহী জাহাজ দুটির অগ্নিকাণ্ডের ঘটনার কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এর কয়েক দিন আগেই কেশম দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ওই হামলাটি ছিল সীমিত পরিসরের এবং এর মাধ্যমে বড় ধরনের কোনো সামরিক অভিযান শুরু করা হয়নি।

















