নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি না হলে তা জনস্বার্থে সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, গণমাধ্যমে এ ধরনের অনিয়ম উঠে এলে ভোক্তা স্বার্থ রক্ষায় সরকার কঠোর ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা থাকলেও সরকার এলপিজির দাম সমন্বয়ের চেষ্টা করছে। তবে বিভিন্ন স্থান থেকে নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার অভিযোগ আসছে। এ পরিস্থিতিতে খোলা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং কমিশন নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রি নিশ্চিত করতে এরইমধ্যে সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে অনেক অসাধু ব্যবসায়ীকে জরিমানা করা হলেও বর্তমানে এই কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গেও সরকারের আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, জ্বালানি মন্ত্রী এলপিজি সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং ব্যবসায়ীরা বাজার স্বাভাবিক রাখার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে এলপিজি নিয়ে বর্তমান সংকট কমে আসবে।
জাহেদ উর রহমান বলেন, এলপিজি একটি অত্যাবশ্যকীয় পণ্য, যা ছাড়া দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়। তিনি আরও বলেন, সরকার মনে করে না যে কেবল অভিযানই একমাত্র সমাধান। সরকার চেষ্টা করছে যেন এলপিজি আমদানি ও বোতলজাতকারী ব্যবসায়ীরা ন্যায্যমূল্য পান, যাতে বাজারে সরবরাহ ঘাটতি তৈরি না হয় এবং দাম স্থিতিশীল থাকে। যারা আইন মানছেন না, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

















