যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের উপরে উঠে গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও বেড়ে প্রায় ৮০ ডলারে পৌঁছেছে। এর ফলে আগের দিনের দরপতনের ধারা কাটিয়ে বাজার ঘুরে দাঁড়িয়েছে।
চলতি সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের তেলের দামই প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ব্রেন্ট টানা তৃতীয় সপ্তাহের মতো এবং ডব্লিউটিআই টানা দ্বিতীয় সপ্তাহের মতো মূল্যবৃদ্ধির ধারায় রয়েছে। তেলের এই দাম বৃদ্ধির প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও। শুক্রবার সকালে জাপানের প্রধান শেয়ারসূচক নিক্কেই ২২৫ ৩ শতাংশের বেশি কমে লেনদেন শুরু করে।
এদিকে, ইরানের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় সাতজন নিহত হয়েছেন এবং আরও ৯ জন আহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে। আহতদের জরুরি সেবা ও চিকিৎসাকর্মীরা চিকিৎসা প্রদান করছেন এবং এলাকায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই হামলায় বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি স্বীকার করেনি এবং এ বিষয়ে বিস্তারিত কারণ বা নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

















