শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং গুমের শিকার হওয়া পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ ও গুমের শিকার পরিবারের মোট ৭৪ জন সদস্যকে এই নিয়োগপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জুলাই শহীদদের অবদানের কারণেই দেশের মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে। তিনি শহীদ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারাই আমাদের শক্তি, উৎসাহ এবং উদ্দীপনার প্রকৃত উৎস। সরকার নানা বাস্তবতার কারণে অনেক সময় সব প্রত্যাশা পূরণ করতে না পারলেও, প্রতিশ্রুতি থেকে সরে আসবে না বলে তিনি আশ্বস্ত করেন।
তারেক রহমান আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত যারা জীবন দিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি নির্যাতিত প্রতিটি পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নিয়োগপত্র গ্রহণের সময় অনেক ভুক্তভোগী পরিবারের সদস্য আবেগপ্রবণ হয়ে পড়েন এবং প্রধানমন্ত্রী তাদের সর্বদাই পাশে থাকার আশ্বাস দেন।
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৪: ৫৪আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৪: ৫৭

















