জরুরি উন্নয়নকাজের প্রয়োজনে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) তাদের স্ব স্ব বিক্রয় ও বিতরণ কেন্দ্রের মাধ্যমে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
নেসকো রংপুর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর তথ্য অনুযায়ী, বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা রংপুরের ১১ কেভি মেডিকেল ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না। এছাড়া একই দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ডুয়েল সোর্স লাইন থাকায় একই কারণে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা ১১ কেভি মেডিকেল ও আরকে রোড-এ দুই ফিডারই বন্ধ রাখা হবে।
এদিকে রাজশাহীতেও একই ধরনের উন্নয়নকাজ চালানো হবে। নেসকো রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, তাদের ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালা কাটার জন্য শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকার আওতাভুক্ত স্থানগুলো হলো রুয়েট ক্যাম্পাস, ভার্সিটি ক্যাম্পাস, সাগরপাড়া, বোষপাড়া, মুহাম্মদপুর টিকাপাড়া, খুলিপাড়া, সেখেরচক, পঞ্চবটি ও এর পার্শ্ববর্তী এলাকা।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে পারলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই সাময়িক অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

















