কক্সবাজারের উখিয়ায় সমুদ্রসৈকত থেকে পৃথক দুটি স্থান থেকে তিনটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া নৌকার ঘাট এলাকা থেকে একটি এবং মনখালী সমুদ্রসৈকত থেকে দুটি লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে মাদারবুনিয়া ও মনখালী এলাকায় পৃথকভাবে লাশ তিনটি উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, বৈরী আবহাওয়ার কবলে পড়ে সাগরে নৌকা ডুবির ঘটনায় ওই তিন ব্যক্তি মারা গিয়ে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া এবং প্রয়োজনীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে না বলে জানিয়েছে পুলিশ।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ জানান, স্থানীয় জেলেদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি লাশ উদ্ধার করে। লাশগুলোর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ময়নাতদন্তের জন্য লাশগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান মজুমদার বলেন, পৃথক দুই স্থান থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাগরে নৌকা ডুবির ঘটনায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় লাশগুলোর পরিচয় শনাক্তসহ বিস্তারিত তথ্য জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

















