দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ছয়জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন রোগী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫৯ জন, খুলনা বিভাগে ২৮৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ২০২ জন রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ১৭৮ জন, রাজশাহী বিভাগে ১২২ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রংপুর বিভাগে ৫৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৪৮ হাজার ৪৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৪ হাজার ৮৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩০৪ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

















