সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার পাওয়ার আশায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এই আবেদনটি জমা দেওয়া হয়।
এর আগে গত ২৭ আগস্ট চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯তমবারের মতো পেছানো হয়। আদালত নতুন করে প্রতিবেদন জমার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে সাগর সরওয়ার ও মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়। তৎকালীন সময়ে সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার পরদিন রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শুরুতে থানা পুলিশ করলেও পরবর্তীতে তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেও রহস্য উদঘাটন না হওয়ায় হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল তদন্তের দায়িত্ব র্যাবের কাছে ন্যস্ত করা হয়।
তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র্যাবকে তদন্ত থেকে সরিয়ে অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের নির্দেশনা দেন। হাইকোর্টের নির্দেশে গঠিত চার সদস্যের টাস্কফোর্স বর্তমানে এই মামলার তদন্ত কাজ পরিচালনা করছে। নির্ধারিত সময়ে তদন্ত শেষ না হওয়ায় কয়েক দফায় সময় বাড়ানো হয়েছে। সর্বশেষ গত ২৬ এপ্রিল হাইকোর্ট তদন্ত শেষ করতে নতুন করে ছয় মাস সময় প্রদান করেছিলেন।

















