গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর রেললাইনের পাথর নিক্ষেপ করে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে মাসুদ নামে পুলিশের এক কনস্টেবল পাথরের আঘাতে আহত হয়েছেন। বর্তমানে ছিনিয়ে নেওয়া ওই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কেরানীরটেক এলাকার একটি মাদক বস্তিতে অভিযান পরিচালনা করে। ওই অভিযানে রাহুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যার বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশের দাবি।
গ্রেপ্তারের পর রাহুলকে টঙ্গী রেলওয়ে স্টেশন দিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি পুলিশের গতিরোধ করে হামলার চেষ্টা চালায়। একপর্যায়ে তারা রেললাইন থেকে পাথর তুলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে নিক্ষেপ করতে থাকে। এই হামলায় কনস্টেবল মাসুদ আহত হন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হামলাকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে এবং স্টেশন এলাকায় পরিত্যক্ত অবস্থায় আসামির ব্যবহৃত হাতকড়াটি উদ্ধার করে। তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত রাহুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম জানান, পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে থানায় নেওয়ার পথেই এই হামলা চালানো হয়। তাকে গ্রেপ্তারে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে।

















