যুক্তরাষ্ট্রের ডানপন্থী কর্মী ও ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র সহপ্রতিষ্ঠাতা চার্লি কার্কের স্মরণে নির্মিত নতুন একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের কয়েক দিনের মধ্যেই তা ভাঙচুর ও বিকৃত করার ঘটনা ঘটেছে। অ্যারিজোনার ফিনিক্সে সংগঠনটির সদর দপ্তরের বাইরে স্থাপিত ব্রোঞ্জের মূর্তিটিতে দুর্বৃত্তরা লাল রঙ ছিটিয়ে দিয়েছে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রোববার টার্নিং পয়েন্ট ইউএসএর প্রধান পরিচালন কর্মকর্তা টাইলার বোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।
বোয়ার জানান, মূর্তির পাশাপাশি সেখানে থাকা একটি সাইনও লাল স্প্রে রঙ দিয়ে বিকৃত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে ‘চরমপন্থী অপরাধীদের’ কাজ বলে অভিহিত করেছেন। তিনি আরও জানান, মূর্তিটির মুখের ওপর রঙ দেওয়া হয়েছে এবং যিশু ও ক্রুশের চিহ্নে আঁচড় কেটে বিকৃতি ঘটানো হয়েছে। এছাড়া মূর্তির গলাতেও লাল রঙ ছিটানো হয়েছে, যা সংগঠনটির ভাষ্যমতে ইচ্ছাকৃত। সংগঠনটি অভিযোগ করেছে, হামলাকারীরা মূর্তির ঠিক সেই স্থানেই রঙ ছিটিয়েছে যেখানে কার্ককে গুলি করা হয়েছিল।
গত বৃহস্পতিবার চার্লি কার্কের মৃত্যুর এক বছর পূর্তি উপলক্ষে মূর্তিটি উন্মোচন করা হয়েছিল। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ও কট্টর সমর্থক কার্ক গত বছর ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় গুলিতে নিহত হন। এই হত্যাকাণ্ডের ভিডিও রেকর্ড করা হয়েছিল। কার্ক হত্যার ঘটনায় অভিযুক্ত টাইলার রবিনসন চলতি মাসের শুরুতে আদালতে অভিযোগ অস্বীকার করেছেন এবং দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে।
ফিনিক্স পুলিশ জানিয়েছে, রোববার সকালে সদর দপ্তরের বাইরে স্মৃতিস্তম্ভ বিকৃত করার বিষয়ে তারা একাধিক ফোনকল পেয়েছে। টার্নিং পয়েন্ট ইউএসএ জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত মূর্তিটি পুনরুদ্ধার এবং বিকৃত সাইনগুলো প্রতিস্থাপন করবে। একই সঙ্গে ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় হামলাকারীদের শনাক্ত ও বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে।

















