রাজধানীর বিভিন্ন এলাকায় সম্প্রতি ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। শুক্রবার ও শনিবার এসব নাশকতামূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যায়। শনিবার রাত পৌনে ১১টার দিকে পল্টনে সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুটা আগে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন এলাকায়ও বিস্ফোরণের খবর পাওয়া যায়। একই দিনে সন্ধ্যায় যাত্রাবাড়ীতে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণে একজন রিকশাচালক আহত হন, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ধারণা করছে, ফ্লাইওভার থেকে এসব ককটেল নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।
এদিকে রাজধানীর মিরপুর-১১, মিরপুর-১, বাড্ডা, মাতুয়াইল ও কদমতলী এলাকায় অন্তত পাঁচটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মিরপুর-১১ নম্বরে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে শুক্রবারও যাত্রাবাড়ী, মহাখালী, আগারগাঁও ও মালিবাগসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ীতে থানার সামনে ককটেল বিস্ফোরণে একজন অটোরিকশাচালক আহত হয়েছিলেন।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পুরো নগরীতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে। রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও ফ্লাইওভারগুলোতে দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি পুলিশি টহল, পিকেট ডিউটি এবং থানা মোবাইল ও হোন্ডা প্যাট্রোল বাড়ানো হয়েছে। ডিএমপি জানিয়েছে, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও এপিবিএনের সদস্যদের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন রাখা হয়েছে।
ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, শনিবার সকাল ১০টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন অভিযানে ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪৭টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, গুলি, দেশীয় অস্ত্র এবং বিস্ফোরিত ককটেল থেকে লোহার পেরেক উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে পুলিশ। যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায়ও পৃথক মামলা ও জিডি করা হয়েছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ ঘটনাস্থলগুলোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে।

















