কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। শনিবার অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনার প্রেক্ষিতে এক বিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, অপ্রতিমের মা ড. নাহিদা বেগম, বাবা কে এম ফিরোজ শাহরিয়ার এবং স্বজনদের এই অসহনীয় শোক সহ্য করার শক্তি আল্লাহ তাআলা দান করুন। তিনি মহান আল্লাহর কাছে অপ্রতিমের রূহের মাগফিরাত ও শাহাদাত কামনা করেন। তিনি আরও বলেন, কৈশোরের দুরন্ত সময়ে বন্ধুদের সাথে আনন্দের মুহূর্ত কাটাতে ঘর থেকে বের হওয়া শিশুটি আর জীবিত ফিরে আসেনি, এমন পৈশাচিক ঘটনায় কোনো বিবেকবান মানুষ নির্বিকার থাকতে পারে না।
অপ্রতিমকে তার বাবা-মায়ের স্বপ্ন ও ভালোবাসার কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ১৩ বছর বয়সে সন্তান হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। একজন মায়ের কোলে সন্তানের লাশ ফিরে আসার চেয়ে হৃদয়বিদারক দৃশ্য আর হতে পারে না। জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, অপ্রতিমের এই পরিণতি শুধু একটি পরিবারের কান্না নয়, বরং এটি পুরো সমাজের জন্য গভীর সতর্কবার্তা। দেশের মানুষের জানমালের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, নিরপেক্ষ ও পেশাদার তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে হবে। এর পেছনে কোনো অপরাধীচক্র আছে কি না তা দ্রুত বের করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তার দাবি, অপ্রতিমের মৃত্যুর রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো মায়ের বুক এভাবে খালি না হয়। একই সাথে তিনি দেশের শিশু-কিশোরসহ সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

















