সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১লা জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ২৯৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং ২ জন খুলনা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বাসিন্দা ছিলেন। এছাড়া নতুন করে ১ হাজার ৯৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৯২ জন, চট্টগ্রাম বিভাগে ২৮০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৩ জন, রাজশাহী বিভাগে ২০৬ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রংপুর বিভাগে ৬৪ জন এবং সিলেট বিভাগে ১৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত মোট ২৯৪ জনের মৃত্যুর মধ্যে কেবল ঢাকা বিভাগেই (দুই সিটি করপোরেশনসহ) ১৩২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৫৯ জন, বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

















