দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বর্তমানে কলকাতায় তার নতুন সিনেমার প্রচার নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। অভিনেত্রীদের মধ্যে অনেক জনপ্রিয় জয়া আহসান৷ ঢাকার পাশাপাশি কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। শুক্রবার পশ্চিমবঙ্গসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। ২০২৩ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’-এর সিকুয়েল হিসেবে নির্মিত হয়েছে এই নতুন চলচ্চিত্রটি।
নতুন এই সিনেমা মুক্তি উপলক্ষে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান। তিনি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার প্রদান এবং সিনেমার প্রচারণামূলক নানা আয়োজনে নিয়মিত অংশ নিচ্ছেন। নিজের নতুন সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত জয়া বলেন, ‘খুব ভালো সময় কাটছে নতুন সিনেমা নিয়ে। এতদিন সিনেমাটি ছিল আমাদের, কিন্তু আজ থেকে এটি দর্শকদের। আশা করছি, তারা হলে গিয়ে সিনেমাটি দেখবেন এবং ভালোবাসায় সিক্ত করবেন।’
মুক্তির প্রথম দিনেই কয়েকটি হলে দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার খবর তাকে আনন্দিত করেছে। জয়া আহসান জানান, ‘শুনছি কয়েকটি হলে হাউজফুল যাচ্ছে। এটা সত্যিই আনন্দের খবর। দর্শক এভাবেই ভালোবাসা দেবেন—এটাই প্রত্যাশা। গল্পটা খুব সুন্দর। কৌশিকদা ভীষণ যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। আমরা যারা অভিনয় করেছি, সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’
প্রেক্ষাগৃহে সরাসরি উপস্থিত হওয়ার বিষয়ে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘প্রচারে সময় দিচ্ছি। সব হলে যাওয়া হয়তো সম্ভব হবে না, তবে কয়েকটি হলে অবশ্যই যাব। আর প্রিমিয়ার শোতে তো থাকছিই।’ ২০২৩ সালের ‘অর্ধাঙ্গিনী’ দর্শকদের মন জয় করেছিল সম্পর্কের টানাপড়েন আর মানবিক আবেগের অনন্য গল্পে। সেই গল্পেরই নতুন অধ্যায় হিসেবে ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় সম্পর্কের জটিলতা, ভালোবাসা, বিচ্ছেদ ও জীবনের নানা অনুভূতি ফুটে উঠেছে। জয়া আশা প্রকাশ করেন যে, আগের সিনেমার মতোই দর্শকরা এই নতুন সিনেমা দেখেও তাদের ভালো লাগার কথা জানাবেন।
এই সিনেমায় জয়া আহসানকে দেখা যাবে মেঘনা চরিত্রে এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। এর আগে ‘পুতুল নাচের ইতিকথা’ ও চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘ওসিডি’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছিলেন জয়া। তার এই ধারাবাহিক সাফল্য শুধু ব্যক্তিগত অর্জনই নয়, বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও গর্বের বিষয়। সিনেমাটির ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে, যা ঘিরে দর্শকদের প্রত্যাশাও বেশ উঁচুতে।

















