ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনের মাত্র তিন দিন বাকি থাকতেই তেল আবিবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার হাজারো সাধারণ মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। অনেকেই এই নির্বাচনকে নেতানিয়াহুর নেতৃত্বের ওপর একটি গণভোট হিসেবে বিবেচনা করছেন।
বিক্ষোভটির আয়োজক ছিল ‘অক্টোবর কাউন্সিল’। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিরূপণ এবং এই বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার দাবিতে সংগঠনটি এই কর্মসূচির ডাক দেয়। হামলায় নিহত ব্যক্তিদের পরিবার এবং জিম্মি হওয়া মানুষদের স্বজনদের নিয়ে গঠিত এই সংগঠনটি ঘটনার প্রকৃত সত্য উন্মোচনের লক্ষ্যে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে।
ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সমাবেশে দেশটির প্রধান চারটি বিরোধী দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটও ছিলেন, যিনি বর্তমানে জনসমর্থনের দিক থেকে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত। বিক্ষোভস্থলে পৌঁছালে উপস্থিত জনতা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সমাবেশ শুরুর আগেই অক্টোবর কাউন্সিল তাদের ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেলে জানায়, সত্য উদ্ঘাটন, জবাবদিহি নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় তদন্ত কমিশন প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ তিন বছর ধরে চলে আসা তাদের আন্দোলনের এটিই চূড়ান্ত কর্মসূচি।
শনিবার বিকেলে তেল আবিবের কেন্দ্রীয় রবিন স্কয়ার থেকে হাজারো বিক্ষোভকারী একটি মিছিল নিয়ে হোস্টেজেস স্কয়ারের দিকে অগ্রসর হন। উল্লেখ্য, গাজায় জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তির দাবিতে অতীতেও এই চত্বরটি সরকারবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল।
বিক্ষোভস্থলে উপস্থিত ৬৮ বছর বয়সী হাদাস ফয়েরস্টেইন এএফপিকে বলেন, গত চার বছর ধরে যারা দেশ পরিচালনা করছেন, তাদের ব্যর্থতার কারণে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ২০২২ সালের শেষ দিকে নেতানিয়াহুর সরকার ক্ষমতায় আসার পর ইসরায়েল এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়নি বলে তিনি মন্তব্য করেন।

















