দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত হওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সমালোচনা করেন। সরকার কোনো কৃতিত্ব পায়নি—নাহিদ ইসলামের এমন বক্তব্যকে সরকারের স্পষ্ট সাফল্যকে অস্বীকার করার শামিল এবং এটি একটি সংকীর্ণ ও হীন মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন নাছির উদ্দীন নাছির।
ফেসবুক পোস্টে ছাত্রদলের সাধারণ সম্পাদক উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে চলতি বছর সারাদেশে অভূতপূর্ব নিরাপত্তা ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সুষ্ঠু আইনশৃঙ্খলা বজায় রাখার এই সাফল্য আজ দেশ-বিদেশে সর্বজনবিদিত এবং প্রশংসিত। তিনি আরও লেখেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের মানুষ একটি নতুন ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা করছে। এমন পরিস্থিতিতে বিরোধী রাজনীতির পক্ষ থেকে এ ধরনের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও দায়িত্বহীন মন্তব্য জনআকাঙ্ক্ষা এবং রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
নাছির উদ্দীন নাছির বলেন, আধুনিক ও গঠনমূলক রাজনীতির সৌন্দর্য হলো সরকারের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং ভুলত্রুটি নিয়ে যৌক্তিক সমালোচনা করা। তিনি আশা প্রকাশ করেন যে, গণঅভ্যুত্থানের পর কেবল সরকারি দলে নয়, বিরোধী দলের রাজনীতিতেও ইতিবাচক পরিবর্তনের হাওয়া বইবে। কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করার পুরোনো ধারা থেকে বেরিয়ে এসে বিরোধী দলকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সবশেষে তিনি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার যাত্রায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

















