জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। আলোচনার এক পর্যায়ে বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় খোলার আনুষ্ঠানিক প্রস্তাব জানানো হয়। জেবিআইসির গভর্নর আমাকাওয়া কাজুহিকো বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন খাতে জেবিআইসির অব্যাহত সহযোগিতা ও বিনিয়োগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এবং ব্যবসায়িক পরিবেশ সহজতর করার লক্ষ্যে সরকার বিভিন্ন বিধিবিধান সংস্কারের উদ্যোগ নিয়েছে। বিনিয়োগবান্ধব নীতি প্রণয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

















