শেরপুরের ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও জনস্বাস্থ্য সচেতনতামূলক এক বিশেষ কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তামজিদ। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রশাখা’ এই উদ্যোগের আয়োজক।
উদ্বোধনকালে ডা. তামজিদ বলেন, ডেঙ্গুর কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। তাই এর প্রতিরোধই সবচেয়ে জরুরি। তিনি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, দোকানে দোকানে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি এবং সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।
এ সময় ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির, আয়োজক সংগঠন ‘প্রশাখা’র সাধারণ সম্পাদক মো. রহমত আলীসহ সংগঠনের পরিচালনা পর্ষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. রহমত আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তার রোধ করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

















