জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার, গণভোটের ফল বাস্তবায়নসহ নানা ইস্যুতে সরকারি ও বিরোধী দলের টানাপোড়েনের মধ্যেই আজ সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতায় দুই অধিবেশনের মধ্যে ৬০ দিনের বিরতির শেষ দিনে শুরু হওয়া এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মোট সাত কার্যদিবস চলবে।
এবারের অধিবেশনে জুলাই সনদ, গ্যাসের দাম বৃদ্ধি, শ্রমিক আন্দোলন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং গঙ্গার পানি বণ্টন চুক্তিসহ বিভিন্ন ইস্যুতে সরকারকে প্রশ্নের মুখে ফেলতে প্রস্তুতি নিয়েছে বিরোধীরা। প্রধানমন্ত্রীর জাপান সফরে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে আলোচনা এবং বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি অপারেটরকে দেওয়ার শর্তসহ গঙ্গার পানি বণ্টন চুক্তি ও তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি নিয়েও সরকার জবাবদিহিতার মুখোমুখি হতে পারে।
সংসদের চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ-২০২৬ বিল পাওয়া গেছে। এছাড়া সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, আরও দু-একটি বিল আসতে পারে। তবে সাইবার সুরক্ষা (সংশোধন) বিল উত্থাপনের বিষয়ে তিনি স্পষ্ট কিছু না বললেও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, এমন বিল আনা হলে তারা বিরোধিতা করবেন।
বিরোধী দলগুলো এবারও গণভোটের ফল অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবি তুলবে। গণভোটে ৬৮ দশমিক ৫ শতাংশ ভোটে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদিত হয়েছে। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই ও উচ্চকক্ষ গঠনসহ কিছু সংস্কার প্রস্তাবে বিএনপির আপত্তি রয়েছে। এদিকে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটি বিরোধীরা বর্জন করেছে। জামায়াতের হুইপ রফিকুল ইসলাম খান জানিয়েছেন, প্রতিবেদনে কমিটির সুপারিশ আসার সম্ভাবনা না থাকলেও বিরোধীরা সংস্কারের দাবি জোরালো করবে।
অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টিসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া ৭১ বিধিতে আলোচনার জন্য ৯২টি নোটিশ এবং ১৩১ বিধিতে ২৮১টি সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশ পাওয়া গেছে। এদিকে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ চত্বরকে ধূমপানমুক্ত ঘোষণার প্রস্তাব প্রধানমন্ত্রী দিয়েছেন, যা সবাই সমর্থন করেছেন। এছাড়া সংসদ চত্বরে সৌরবিদ্যুৎ উৎপাদনের অগ্রগতি নিয়ে আলোচনায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সাত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব, যা সংসদের ছয় মেগাওয়াটের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যোগ করা যাবে। প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধাসহ সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দিয়েছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে তুরস্কের উদ্দেশে জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাত্রা করবেন এবং ১৩ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

















