পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য কোনো আবেদন করা হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন ইমেইলের মাধ্যমে একটি চিঠি পেয়েছে, যেখানে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। তবে এই চিঠির সত্যতা বা এর পেছনে শেখ হাসিনার সরাসরি অনুমোদন রয়েছে কি না, তা নিয়ে হাইকমিশন নিশ্চিত নয়। লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে পাঠানো এই চিঠিটি ইতোমধ্যে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, শেখ হাসিনা দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। চিঠিতে দিল্লির বাংলাদেশ দূতাবাসে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে অনুরোধ জানানো হয় যে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট ও এনআইডি বাতিলের খবরের প্রেক্ষিতে তার জন্য নতুন নথিপত্র ইস্যুর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এদিকে, বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, পলাতক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। আইনত পলাতক কোনো আসামি পাসপোর্ট পাওয়ার যোগ্য কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো সুযোগ নেই। এছাড়া, ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

















