ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য যে আবেদন করেছেন, সেটিকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ হিসেবে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো সবই ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্ট্যান্টবাজি। তিনি আরও স্পষ্ট করে বলেন, শেখ হাসিনা এখন যা করছেন সবই স্ট্যান্টবাজি এবং তিনি আর দেশে ফিরবেন না। এই বিষয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রসিকিউশনের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হবে বলেও জানান তিনি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতে অবস্থানরত শেখ হাসিনা তার আইনজীবীর মাধ্যমে নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য সোমবার আবেদন জমা দিয়েছেন। দুই বছরেরও বেশি সময় আগে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশে ফেরার পরিকল্পনার ক্ষেত্রে এটি তার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে হাসিনা রয়টার্সকে জানিয়েছিলেন যে, তিনি আদালতে আত্মসমর্পণ করার জন্য দেশে ফিরতে চান এবং ডিসেম্বরে তার ফেরার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দলের জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ বর্তমানে ভারতে বা অন্য কোনো দেশে আত্মগোপনে রয়েছেন, আবার অনেকে কারাগারে বন্দি। রয়টার্সের বরাতে জানা গেছে, আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন যে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারিত হবে।
উল্লেখ্য যে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এই দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে শেখ হাসিনা বরাবরই তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

















