জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রবিবার ঢাকার ২০তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মাজহারুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের এই আদেশ প্রদান করেন। বিচার শুরু হওয়া তিন আসামি হলেন জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, তার প্রেমিক মো. মাহির রহমান এবং মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান। বর্তমানে তারা কারাগারে রয়েছেন এবং শুনানির সময় তাদের আদালতে হাজির করা হয়। আসামিদের পক্ষে অ্যাডভোকেট আল মামুন রাসেল ও এম রাশেদুজ্জামান অব্যাহতি চেয়ে শুনানি করেন, অন্যদিকে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর জহির হোসেন খান এবং বাদীপক্ষের আইনজীবী ইশতিয়াক হোসেন জিপু অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরেন।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলার নুর বক্স লেনের ১৫ নম্বর হোল্ডিং ‘রৌশান ভিলা’র নিচতলায় টিউশনি করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন জোবায়েদ। সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে তিনি সেখানে পড়াতে যান। ঘটনার পরদিন ২১ অক্টোবর জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে বংশাল থানায় মামলাটি দায়ের করেন। প্রায় নয় মাস তদন্ত শেষে বংশাল থানার এসআই মো. আশরাফ হোসেন গত ৩০ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে ত্রিভুজ প্রেমের সম্পর্কের তথ্য উঠে এসেছে।
মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটের দিকে অভিযুক্ত ছাত্রী বর্ষা জোবায়েদের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই সৈকতকে ম্যাসেঞ্জারে বার্তা দিয়ে জানায় যে, জোবায়েদ স্যার খুন হয়েছেন। পরবর্তীতে কামরুল হাসান নামক আরেক ছাত্রের মাধ্যমে জোবায়েদের ভাই এনায়েত হোসেন বিষয়টি জানতে পারেন। রাত সাড়ে ৮টার দিকে এনায়েত তার শ্যালক শরীফ মোহাম্মদকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে ভবনের নিচতলায় সিঁড়ি ও দেয়ালে রক্তের দাগ দেখতে পান। ভবনের তৃতীয় তলার সিঁড়িতে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। বিকেল সাড়ে ৪টার দিকে নিচতলায় তাকে ছুরি মারা হয়েছিল বলে তদন্তে বেরিয়ে আসে।
প্রতিদিনের মতো গত ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে বংশাল থানাধীন ৩১নং ওয়ার্ডে নুর বক্স লেন এর ১৫ নং হোল্ডিং রৌশান ভিলায় বর্ষাকে পড়ানোর জন্য যান।
কামরুল হাসান ৭টার দিকে জোবায়েদের ভাই এনায়েত হোসেনকে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি জানান।

















