কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিলকে কেন্দ্র করে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কোর্ট বিল্ডিং এলাকা থেকে মিছিলটি বের করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মিছিলটি পাকুন্দিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন চালিয়াগোপ এলাকার আজিজ মিয়ার ছেলে ইউসুফ, একই এলাকার আসাদ মিয়ার ছেলে তুহিন, সুখিয়া এলাকার চান মিয়ার ছেলে রানা এবং বীর পাকুন্দিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে ইকতিয়ার হোসেন।
এদিকে ছাত্রলীগের মিছিলের পরপরই পাকুন্দিয়ায় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় পাকুন্দিয়া পৌরসদর বাজারের বিভিন্ন এলাকায় তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলতে দেখা যায়।
সার্বিক বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

















