ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর এলাকার চাঁদপুর অংশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এই হামলার ঘটনা ঘটে। তবে বাসটি চলন্ত অবস্থায় থাকায় বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তার ওপর পড়ে, যার ফলে কোনো শিক্ষার্থী হতাহত হয়নি বা বাসের বড় কোনো ক্ষতি হয়নি।
বাসে থাকা শিক্ষার্থীরা জানান, ঝিনাইদহের আরাপপুর থেকে ৩০-৩৫ জন শিক্ষার্থী নিয়ে ‘দিগন্ত’ নামের ডাবল ডেকার বাসটি ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। শৈলকুপার চাঁদপুর এলাকায় ড্রাগন বাগান পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত বাসটি লক্ষ্য করে বোমাটি ছুঁড়ে মারে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের চালক বোরহান উদ্দিন জানান, ভাটই বাজার এলাকায় সড়ক সংস্কার কাজের জন্য যানজটে আটকে থাকায় তার বাসটি অন্যান্য বাসের চেয়ে কিছুটা পেছনে পড়ে গিয়েছিল। চাঁদপুর নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল আরোহীরা অতর্কিত এই হামলা চালায়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে আল হাদিস অ্যান্ড ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, দীর্ঘ যানজট কাটিয়ে বাসটি চলতে শুরু করার কিছুক্ষণ পরই এই হামলা হয়। তিনি জানান, বোমাটি সামান্য এদিক-ওদিক হলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সজিব রহমান জানান, হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহীর একজনের পরনে সাদা এবং অন্যজনের পরনে কালো বা মেরুন রঙের শার্ট ছিল। তবে দুর্বৃত্তদের মোটরসাইকেলের নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ ঘোষিত কোনো ছাত্রসংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এই নাশকতার চেষ্টা চালানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অভিযোগ করেন যে, ছাত্রলীগের কতিপয় দুষ্কৃতকারী ফেসবুকে পোস্ট দিয়ে বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে। তিনি জানান, এই নাশকতার চেষ্টার ঘটনায় রেজিস্ট্রারকে শৈলকুপা থানায় মামলা দায়ের করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঝিনাইদহ ও কুষ্টিয়ার পুলিশ সুপারদের বিষয়টি অবহিত করা হয়েছে।

















