ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আকস্মিকভাবে বিদ্যালয়টি পরিদর্শনে যান তিনি। পরিদর্শনের এক পর্যায়ে তিনি অষ্টম শ্রেণির শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের বাংলা বিষয়ে পাঠদান শুরু করেন। প্রায় ২০ মিনিটের এই ক্লাসে তিনি অত্যন্ত সহজ ও প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে পাঠ্যবইয়ের বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
ক্লাস নেওয়ার সময় ইউএনও শিক্ষার্থীদের সঙ্গে তাদের স্বপ্ন, পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কথা বলেন। পাঠদান শেষে তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা বজায় রাখা এবং আত্মবিশ্বাসী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে সেই লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা এই উদ্যোগের প্রশংসা করে জানান, প্রশাসনের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান করায় শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহিত হয়েছে, যা তাদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে। অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহরাব হোসেন সৌরের মতে, সরাসরি ইউএনও ম্যাডামের কাছ থেকে ক্লাস করার বিষয়টি তার কাছে ছিল অভাবনীয় এবং তিনি বিষয়টি খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছেন।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল প্রশাসনের এমন সরাসরি সম্পৃক্ততাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এটি শিক্ষার্থীদের মানসিকভাবে উজ্জীবিত করার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। ইউএনও রেজওয়ানা নাহিদ জানিয়েছেন, প্রতিটি শিক্ষার্থী যেন মানসম্মত পরিবেশে প্রকৃত শিক্ষা পায় সেটিই তাদের লক্ষ্য। ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের নিয়মিত পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় কার্যক্রম অব্যাহত থাকবে।

















