জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক কর্মীকে ‘ছাত্রলীগ থেকে ছাত্রদলে আসা’র অভিযোগ তুলে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ে খাবার খাওয়ার সময় এই হামলার ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই কর্মীর নাম রিজওয়ানুল করিম রাব্বী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বিদ্রোহী হলের সামনে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শাখা ছাত্রদলের সদস্যসচিব মারুফ হাসান (মামুন সরকার) ঘটনাস্থলে উপস্থিত হলে তার সামনেই রিজওয়ানুল করিম রাব্বী এবং যুগ্ম আহ্বায়ক শাহজালাল আহমেদ জনির মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে সিনিয়র নেতারা পরিস্থিতি শান্ত করেন।
অভিযোগ রয়েছে, ওই ঘটনার জের ধরেই পরদিন সকালে অগ্নিবীণা হলের ডাইনিংয়ে রাব্বিকে অনুপ্রবেশকারী ও সংগঠনের শৃঙ্খলা নষ্টকারী আখ্যা দিয়ে মারধর করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলায় যুগ্ম আহ্বায়ক রাসেল রানা, শাহজালাল আহমেদ জনি এবং সদস্য পাভেল খান ও আবু সাইদসহ আরও কয়েকজন অংশ নেন। এ সময় তাদের হাতে লাঠি, রড ও স্ট্যাম্প ছিল। আহত অবস্থায় রাব্বিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সূত্র জানায়, হামলাকারীরা সবাই ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমরান হোসেন প্রধানের অনুসারী এবং বর্তমানে বহিষ্কৃত নেতা আব্দুর রহিম ও যুগ্ম আহ্বায়ক রাসেল রানার অনুসারী হিসেবে পরিচিত। এমনকি রাব্বিকে হাসপাতালে নেওয়ার পথেও বহিষ্কৃত নেতা আব্দুর রহিম বাধা দেন বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, রিজওয়ানুল করিম রাব্বী ২০২৪ সালে সাংবাদিকদের মারধরের অভিযোগে তিন বছরের জন্য বহিষ্কৃত হয়েছিলেন। তবে তিনি জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ভিসিবিরোধী আন্দোলনেও অংশ নিয়েছিলেন। রাব্বী দাবি করেন, ছাত্রলীগের সময় প্রোগ্রাম করা বাধ্যতামূলক থাকায় তাকে থাকতে হতো, তবে তার কোনো পদ ছিল না এবং তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি জানান, সদস্যসচিবের সামনে বেয়াদবির প্রতিবাদ করায় তার ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে, যুগ্ম আহ্বায়ক রাসেল রানা অভিযোগ করেন যে, ৫ আগস্টের পর রাব্বি ছাত্রদলে যোগ দিতে চাইলেও তার উগ্র আচরণ ও বিশৃঙ্খলা সংগঠনের ভেতরে গ্রহণযোগ্য নয়।
ঘটনাটি নিয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব মামুন সরকার জানিয়েছেন যে, আলোচনার মাধ্যমে দুই পক্ষের ঝামেলা মিটিয়ে ফেলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান জানান, বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেছেন।
এ ছাড়া রাব্বিকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়ার সময়ও বাধা দেওয়ার অভিযোগ রয়েছে বহিষ্কৃত নেতা আব্দুর রহিমের বিরুদ্ধে।আরও অভিযোগ রয়েছে, ২০২৪ সালে সাংবাদিকদের মারার অভিযোগে ৩ বছরের জন্য বহিষ্কার হন সাবেক ছাত্রলীগ কর্মী রিজওয়ানুল করিম রাব্বি।

















