তিন দিনের সফরে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরসূচির অংশ হিসেবে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ছয়টার পর উভয় পক্ষের প্রতিনিধি দলের উপস্থিতিতে এই বৈঠক শুরু হয়। পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় ২০ মিনিট একান্তেও কথা বলেন মার্কিন এই বিশেষ দূত।
মার্কিন ধনকুবের সার্জিও গর বর্তমানে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব দেওয়ার পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গর জানান, তিনি তার প্রথম বাংলাদেশ সফর নিয়ে আনন্দিত। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে এবং অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তাকে স্বাগত জানিয়ে ফেসবুক পোস্টে বলেন, সার্জিও গরের এই সফর দুই দেশের কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটন থেকে ঢাকা সফরকারী তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা হলেন সার্জিও গর। এর আগে মার্চ মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেছিলেন।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সফরে বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বিশেষ করে জুন মাসে প্রধানমন্ত্রীর চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে যে আগ্রহ তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি এ সফরে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বার্তাও বাংলাদেশের নেতৃত্বের কাছে পৌঁছে দিতে পারেন। জানা গেছে, আগামীকাল শুক্রবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করবেন এবং শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

















