বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কয়েক দফা সংশোধনের পর ৫ লাখ ৩ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্থবছর শেষে এনবিআর আদায় করেছে ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকা। অর্থাৎ, লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কম হয়েছে ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা, যা শতাংশের হিসেবে ১৭ শতাংশ কম। মঙ্গলবার এনবিআর কর্তৃক প্রকাশিত হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে।
তবে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও আগের অর্থবছরের তুলনায় এনবিআর রাজস্ব আদায়ে ১২ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। আগের অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি টাকা। সে হিসেবে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায় বেড়েছে ৪৪ হাজার ৫৯৮ কোটি টাকা। এর মাধ্যমে প্রথমবারের মতো রাজস্ব আদায়ে ৪ লাখ কোটি টাকার মাইলফলক স্পর্শ করেছে সংস্থাটি।
এদিকে বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনে রাজস্ব আদায়ের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, মাসটিতে ৬০ হাজার ৯১৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে এনবিআর আদায় করেছে ৫৪ হাজার ৫২৩ কোটি টাকা। তবে আগের অর্থবছরের জুন মাসের তুলনায় এই আদায় বেশি। আগের অর্থবছরের জুনে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪৩ হাজার ৮৯ কোটি টাকা। সেই হিসেবে বিদায়ী অর্থবছরের জুনে আগের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় ২৬.৫৪ শতাংশ বেশি হয়েছে।

















