রাজধানীর বকশিবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এই উত্তেজনা শুরু হয়, যা পরবর্তীতে দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়। এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, হল দখল নিয়ে দুই ছাত্রসংগঠনের মধ্যে দীর্ঘ সময় ধরে উত্তেজনা বিরাজ করছিল। বিকেলের দিকে তা চূড়ান্ত সংঘর্ষে গড়ায়। সংঘর্ষের সময় উভয় পক্ষকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মুখোমুখি অবস্থানে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, সংঘর্ষে লিপ্ত নেতাকর্মীরা দেশীয় অস্ত্র বহন করছেন এবং কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। পরবর্তীতে সহপাঠীরা গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা বা তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পরিস্থিতি সম্পর্কে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি।

















