রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের ঘটনায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মাদ্রাসার শিক্ষক আলী হাসান গণমাধ্যমকে জানান, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হকের মাথায় আঘাত লাগে এবং তার মাথা ফেটে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও পরিদর্শক মো. ফারুক জানান, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে অন্তত ১৭ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেলে এসেছেন। তাদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন, আবার অনেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ ক্যাম্পের ইনচার্জ আরও নিশ্চিত করেন যে, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হকও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

















