রাজধানীর বকশীবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে মাদ্রাসা মাঠের সামনে দুই পক্ষের মধ্যে এই ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের মাঝে সংঘর্ষ বাঁধে। সেখানে দফায় দফায় চলা সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনার পর থেকেই বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বেলা তিনটার দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে ছাত্রদল মাদ্রাসার বাইরে এবং শিবিরের নেতা-কর্মীরা মাদ্রাসার ভেতরে অবস্থান নেন। পরবর্তীতে বিকেল সোয়া ৫টার দিকে তাদের মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হয়।

















