জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আজ দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করেছে। দিনভর প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কবিতা আবৃত্তি, সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠান, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত বিশেষ ফিলার। এছাড়া বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচির সরাসরি সম্প্রচারও থাকছে।
বিটিভির আজকের অনুষ্ঠানসূচি অনুযায়ী, বিকাল ৪টা ৫ মিনিটে কবিতা পাঠের অনুষ্ঠান এবং ৪টা ৩০ মিনিটে আয়নাঘরের দুঃসহ স্মৃতি নিয়ে একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান প্রচারিত হবে। সন্ধ্যায় ৭টায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানভিত্তিক কবিতা আবৃত্তির অনুষ্ঠান এবং রাত ৮টা ৫০ মিনিটে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ও গণতন্ত্রের উত্তরাধিকার নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান রয়েছে। এছাড়া রাত ১০টায় নাচ, গান ও আলোচনার সমন্বয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান এবং রাত ১১টায় আরেকটি বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচারের পরিকল্পনা রয়েছে।
সরাসরি সম্প্রচারের অংশ হিসেবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠান সম্প্রচারিত হবে। এই দুই অনুষ্ঠানেই মহামান্য রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানও সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

















