ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো রাহাত, সিয়াম ও ইমন। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই পঞ্চম শ্রেণির ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তদের কৌশলের শিকার হয়। অভিযোগ অনুযায়ী, তাকে স্থানীয় একটি বাগান এলাকায় নিয়ে গিয়ে একাধিক ব্যক্তি সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামি রাহাত, সিয়াম ও ইমনকে গ্রেপ্তার করে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এদিকে, এই বর্বরোচিত ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

















