গাজীপুরের কালীগঞ্জে একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানে ডাকাতির ঘটনায় মো. রমজান (৪০) ও মো. মিলন মিয়া (৪৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং মালামাল পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাতে কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া এলাকার বোয়ালিয়া মোড়ের বিপরীত পাশে অবস্থিত ‘সুবাহান এন্টারপ্রাইজ’ নামক ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা দোকানের বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তার, ক্যাবল ও সরঞ্জাম একটি ট্রাকে তুলে নিয়ে যায় এবং নগদ অর্থও লুট করে নেয়।
ঘটনার পর দোকানটির মালিক সালাউদ্দিন আকন্দ (৩৬) অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে ঘটনাটিকে ডাকাতি হিসেবে চিহ্নিত করে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।
তদন্তের একপর্যায়ে পুলিশ ঢাকায় অভিযান চালিয়ে মো. রমজান ও মো. মিলন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাদের বসতবাড়ি ও ভাড়া নেওয়া দোকানে অভিযান চালিয়ে লুণ্ঠিত বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়। গ্রেপ্তার রমজানের বাড়ি ঢাকার বাড্ডা থানার বড় বেরাইদ হাড়াইলদিয়া এলাকায় এবং মিলন মিয়া ঝালকাঠি সদর উপজেলার গাবা রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত পুলিশ কর্মকর্তারা আরও জানান, ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকের পাশাপাশি লুণ্ঠিত মালামাল পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি ছোট পিকআপও জব্দ করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন, পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, উপ-পরিদর্শক মাহমুদুল হাসান ও অপূর্ব কুমার বাইনসহ পুলিশের অন্য সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

















