টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন আসিফ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার টাঙ্গাইল-কালামপুর আঞ্চলিক মহাসড়কের গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আসিফ টাঙ্গাইল সদর উপজেলার চর পাতুলী কচুয়াডাঙ্গা এলাকার মনোয়ার হোসেনের ছেলে এবং তিনি টাঙ্গাইল পৌর শহরের হাজী আবুল হোসেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (হাবিট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গত শুক্রবার দুপুরের দিকে মুরগি বিক্রির উদ্দেশ্যে পুটিয়াজানি হাটে যান আসিফ। হাটে গিয়ে তিনি তার চাচাতো ভাই তামিমকে কাজের বিষয়ে কিছু কথা বলে সেখান থেকে চলে আসেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন এবং রাত ৮টা পর্যন্ত তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা থানায় যোগাযোগ করেছিলেন।
পরদিন শনিবার সকালে স্থানীয়রা গাড়াইল আন্ডারপাস এলাকায় একটি ডোবার পানিতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে ওই নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে এবং এই বিষয়ে তদন্ত চলছে।

















