আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান ও চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেবাননে নিজেদের সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ দেশটির দক্ষিণ অঞ্চলের বিন্ত জবেইল জেলার হাদাথা শহরে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে উঠে এসেছে যে, হাদাথা শহরের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি সেনারা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলি ছুড়েছে। একই সময়ে শহরটির ভেতরে ইসরায়েলি সামরিক যানগুলোকেও চলাচল করতে দেখা গেছে।
লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এর আগে চলতি বছরের ২ মার্চ থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী এবং দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কিছু শহর দখল করে নেয়। লেবানন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এই দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।
উভয় দেশের মধ্যে গত ১৭ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল এবং পরবর্তীতে কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়। তবে যুদ্ধবিরতি বলবৎ থাকা সত্ত্বেও গত ১৫ আগস্ট ভোরে লেবাননে পুনরায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২ মার্চ থেকে এ পর্যন্ত চলমান ইসরায়েলি হামলায় দেশটিতে মোট ৪ হাজার ৩৪৬ জন প্রাণ হারিয়েছেন।

















