মার্কিন ডলারের বিপরীতে ভয়াবহ দরপতনের কবলে পড়েছে ইরানের জাতীয় মুদ্রা রিয়াল। সোমবার অনানুষ্ঠানিক মুদ্রা বাজারে ডলারের বিপরীতে রিয়ালের মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এদিন প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য রেকর্ড ২০ লাখ ২০ হাজার (২.০২ মিলিয়ন) রিয়ালে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতির খবর ছড়িয়ে পড়ার পর দেশটির মুদ্রাবাজারে এই ধস নামে।
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং টানা প্রায় ছয় মাসের যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের অর্থনীতি বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যদিও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক বিনিময় হার প্রতি ডলারে প্রায় ১৫ লাখ রিয়াল, তবে সাধারণ ইরানিরা মূলত অনানুষ্ঠানিক বাজার থেকেই বৈদেশিক মুদ্রা লেনদেন করে থাকেন। ইতিমধ্যে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার নতুন করে বড় ধরনের নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন, যেটিকে তিনি ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে অভিহিত করেছেন।
এই নতুন নিষেধাজ্ঞার আওতায় ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখা তৃতীয় দেশগুলোর ওপরও সেকেন্ডারি নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রশাসনের। তবে এমন কঠিন সংকটের মুখেও হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে তেহরান। বৈশ্বিক তেল বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি দিয়ে অননুমোদিত জাহাজ চলাচলের ওপর কঠোর কড়াকড়ি আরোপ করে রেখেছে ইরান কর্তৃপক্ষ।

















