বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মনিরুল ইসলাম। রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করেন। এর আগে কোতোয়ালি থানার সদ্য সাবেক ওসি আল-মামুনুল ইসলামকে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশে বদলি করা হয়েছে।
বরিশাল মহানগরের চারটি থানার মধ্যে কোতোয়ালি মডেল থানা অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত থানা হিসেবে পরিচিত। নগরীর প্রাণকেন্দ্র হওয়ায় এই থানার আওতাধীন এলাকায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের চলাচল হয়ে থাকে।
এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক, চুরি-ছিনতাই, কিশোর অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে এই থানার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এছাড়াও, নগরীতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে কোতোয়ালি মডেল থানার পুলিশকে সার্বক্ষণিক সতর্ক দৃষ্টি রাখতে হয়।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন ওসি মনিরুল ইসলাম বলেন, সকলের সহযোগিতা নিয়ে কোতোয়ালি মডেল থানা এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি আরও বলেন, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, অপরাধীদের আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

















