বিশ্ব

সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার

প্রতিবেদক
সব খবর

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান এখন সর্বাত্মক, বহুমাত্রিক ও পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। দেশটির একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, শত্রুপক্ষের যেকোনো ধরনের আগ্রাসন, হত্যাকাণ্ড কিংবা গুপ্তহত্যার সমুচিত জবাব দেওয়ার জন্য ইরান ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ গ্রহণ করেছে। এই ক্ষেত্রে তেহরান কোনো ধরনের সংযম প্রদর্শন করবে না বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির সঙ্গে আলাপকালে ওই নিরাপত্তা কর্মকর্তা এসব কথা বলেন। তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রয়েছে। আগ্রাসনকারীদের পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে তাদের স্বার্থ এবং নাগালের মধ্যে থাকা লক্ষ্যবস্তুগুলোতে সর্বশক্তি দিয়ে আঘাত হানতে তেহরান প্রস্তুত।

ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে যদি নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালানো হয়, তবে তার কঠোর জবাব দেওয়া হবে। এক্ষেত্রে শুধু সরাসরি হামলাকারীরাই নয়, বরং অঞ্চলজুড়ে তাদের স্বার্থ এবং সহযোগীদের অবস্থানও ইরানের পাল্টা পদক্ষেপের আওতায় আসতে পারে। তার এই বক্তব্যে এটি স্পষ্ট যে, সম্ভাব্য হামলার জবাব দেওয়ার ক্ষেত্রে ইরান নিজেদের সীমাবদ্ধ রাখবে না, বরং শত্রুপক্ষের আঞ্চলিক মিত্র ও স্বার্থকেও লক্ষ্যবস্তু করার হুমকি দিচ্ছে দেশটি।

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৩: ৫৫আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৪: ০৬

সব খবর