বগুড়ার শেরপুর উপজেলায় স্কুল থেকে নয়জন শিশুকে জোরপূর্বক তুলে নিয়ে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজন শিশুর বুদ্ধিমত্তায় বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে। গতকাল সোমবার রাতে শেরপুর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী শিশুরা হলো মামুন (১২), ওমর ফারুক (১২), সীমান্ত (১১), হান্নান (১৩), সুমন (১২), সাব্বির (১২), সিয়াম (১১), ফয়সাল (১৩) ও রিফাত (১২)। ভুক্তভোগীদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গতকাল সকাল ৯টার দিকে মহিপুর পিসি ভাটা এলাকার মুকুল হোসেনের ছেলে মোতালেবসহ কয়েকজন একটি ইজিবাইকে জোরপূর্বক তুলে নেয়। এরপর তাদের নয় মাইল এলাকায় নিয়ে গিয়ে জিম্মি করে রাখা হয়।
বেলা ৩টার দিকে রিফাত নামের এক শিশু শিক্ষার্থী শৌচাগারে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে বাড়িতে চলে আসে এবং তার স্বজনদের ঘটনাটি জানায়। খবর পেয়ে অন্য শিশুদের পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে জিম্মিদশা থেকে সকল শিশুকে উদ্ধার করেন।
ভুক্তভোগী এক শিশুর মা ফেন্সি বেগম বলেন, ‘ছেলেটি হাপাতে হাপাতে বাড়িতে এসে ঘটনাটি আমাদের জানায়। আমরা দ্রুত অন্য অভিভাবকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুদের উদ্ধার করি।’
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

















