সরকার সবদিক বিবেচনা করে বাস ভাড়া যৌক্তিকের চেয়ে কম নির্ধারণ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নতুন নির্ধারিত বাস ভাড়ার প্রজ্ঞাপন আজই প্রকাশ করা হবে বলে জানান। তিনি স্পষ্ট করে বলেন, প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হওয়ার মানেই হচ্ছে তা কার্যকর হয়ে যাওয়া।
বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে জ্বালানির দাম বাড়াতে হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জ্বালানির দাম বাড়লে পরিবহন ভাড়া সমন্বয়ের একটি প্রচলিত প্রক্রিয়া রয়েছে। অতীতে লিটারপ্রতি তেলের দাম ১৫ টাকা বাড়লে ভাড়া ১৫ পয়সা বাড়ানোর দাবি ছিল, তবে সরকার তা ১১ পয়সায় সীমাবদ্ধ রেখেছিল। এবার লিটারপ্রতি ২০ টাকা বাড়লেও পরিবহন খাতের দাবির চেয়ে কম ১৭ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ডলারের দাম বৃদ্ধি এবং যানবাহনের যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খাতের ব্যয় ও রক্ষণাবেক্ষণ খরচ যে বেড়েছে, তা সরকার বিবেচনায় নিয়েছে বলে তিনি জানান।
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করে, তবে তার রুট পারমিট বাতিল করা হবে। একই সঙ্গে জরিমানার ব্যবস্থা থাকবে এবং ভবিষ্যতে ওই পরিবহন রুট পারমিট পাবে কি না, তা নিয়েও জবাবদিহি করতে হবে। তিনি আরও বলেন, গতবার ভাড়া ১১ পয়সা বাড়ানোর পর তা কঠোরভাবে কার্যকর করা হয়েছিল, এবারও ১৭ পয়সা বাড়ানোর পর এর ব্যত্যয় ঘটতে দেওয়া হবে না।
মন্ত্রী আরও জানান, রেলের ভাড়া বাড়ানোর কোনো চিন্তা আপাতত সরকারের নেই। এছাড়া আগামী পরশু লঞ্চ মালিক সমিতির সঙ্গে ভাড়া নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হবে।

















