রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো দিন দিন জনমনে আতঙ্ক ও উদ্বেগ বাড়িয়ে তুলছে। দুর্বৃত্তরা অত্যন্ত কৌশলে গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বা বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত গা-ঢাকা দিচ্ছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করলেও দুর্বৃত্তরা অধরাই থেকে যাচ্ছে। নাশকতার জন্য তারা এমন সব স্থান ও স্পট বেছে নিচ্ছে যেখানে সিসি ক্যামেরা নেই এবং পুলিশের উপস্থিতি কম। মোটরসাইকেল ব্যবহার করে পূর্বপরিকল্পিতভাবে এসে নিমিষেই নাশকতা ঘটিয়ে তারা দ্রুত সটকে পড়ছে, ফলে প্রত্যক্ষদর্শীরাও অনেক সময় টের পাচ্ছেন না। এসব ঘটনার বিষয়ে পুলিশের কাছে কোনো আগাম গোয়েন্দা তথ্যও থাকছে না।
চলতি বছরের আগস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলসহ বিভিন্ন তৎপরতা শুরু করার পর থেকেই এসব নাশকতার ঘটনা ঘটছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে। সেপ্টেম্বরে অর্ধশতাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই সময় পুলিশ সারা দেশে সতর্ক ছিল এবং কিছু দুর্বৃত্তকে গ্রেপ্তারও করা হয়েছিল। মাঝখানে কিছুদিন বিরতি দিয়ে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ফের একই ধরনের নাশকতার ঘটনা শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে রোববার রাত পর্যন্ত বেশ কয়েকটি বাসে আগুন ও একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও পুলিশ এখনো পর্যন্ত এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি, তবে ঊর্ধ্বতন মহল সারা দেশের পুলিশ সদস্যদের নাশকতা এড়াতে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। গোয়েন্দা বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে এসব নাশকতার সঙ্গে জড়িত, ইন্ধনদাতা ও অর্থদাতাদের খুঁজে বের করতে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানিয়েছেন, জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে একটি গ্রুপ এসব কাজ করছে। পুলিশ প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এরই মধ্যে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরাও রয়েছে। তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির পক্ষ থেকে মোবাইল পার্টি ও পিকেট ডিউটি অব্যাহত রাখা হয়েছে। গোয়েন্দা নজরদারি ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে নাশকতাকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলমান। ককটেল তৈরির উপাদান সংগ্রহ ও কেনাবেচার বিষয়েও গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক নজর রাখছে বলে তিনি উল্লেখ করেন।

















